ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসায় দেশের সব নারীর জন্য সহজলভ্য, সাশ্রয়ী এবং সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের কোনো নারীকে পিছিয়ে রাখা যাবে না। রোগ প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ এবং সময়মতো কার্যকর চিকিৎসা নিশ্চিত করাই হতে হবে সম্মিলিত উদ্যোগের মূল লক্ষ্য।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ১১তম বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেস (বিআইসিসি) ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন বৃহস্পতিবার শুরু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) এর সমাপ্তি হবে। এতে ৪০ জন বিদেশি বিশেষজ্ঞসহ প্রায় এক হাজার ক্যান্সার বিশেষজ্ঞ, চিকিৎসক, গবেষক ও স্বাস্থ্যসেবাসংশ্লিষ্ট পেশাজীবী অংশ নিচ্ছেন। সম্মেলনে ক্যান্সার প্রতিরোধ, রোগ নির্ণয়, চিকিৎসা এবং গবেষণার সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা হচ্ছে।
ডা. জুবাইদা রহমান বলেন, দেশের মোট জনসংখ্যার ৫০ দশমিক ৮ শতাংশ নারী। অথচ পরিবারের নানা দায়িত্ব সামলাতে গিয়ে অনেক নারী নিজেদের স্বাস্থ্যকে গুরুত্ব দেন না। শহর ও গ্রামের অসংখ্য নারী নীরবে ক্যান্সারসহ বিভিন্ন রোগের যন্ত্রণা সহ্য করেন। সচেতনতার অভাব, আর্থিক সীমাবদ্ধতা এবং চিকিৎসাসেবা পাওয়ার জটিলতা তাদের সংকট আরও বাড়িয়ে তোলে।
এই পরিস্থিতি পরিবর্তনে নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, ক্যান্সার বিষয়ে সচেতনতা এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। তার মতে, একজন নারীর জীবন রক্ষার সুযোগ তিনি শহরে না গ্রামে বসবাস করেন, তার ওপর নির্ভরশীল হতে পারে না।
তিনি মেয়েদের জন্য স্কুল-কলেজের ভেতরে ও বাইরে টিকাদান কর্মসূচি সম্প্রসারণের পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ক্যান্সার স্ক্রিনিং সেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানান। প্রাথমিক পরীক্ষায় ক্যান্সারের লক্ষণ পাওয়া গেলে দ্রুত নিশ্চিত রোগ নির্ণয় ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
ডা. জুবাইদা বলেন, চিকিৎসার জন্য একজন নারীকে যেন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরে হয়রান হতে না হয়। এ জন্য সাশ্রয়ী চিকিৎসা, কার্যকর রেফারেল ব্যবস্থা এবং দক্ষ স্বাস্থ্যকর্মী নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে বিশেষায়িত হাসপাতালের বাইরে স্কুল, কমিউনিটি ক্লিনিক ও স্থানীয় হাসপাতালের মাধ্যমেও স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।
তিনি আরও বলেন, কমিউনিটি স্বাস্থ্যকর্মী ও প্রাথমিক স্বাস্থ্যসেবা দলের সদস্যরা নারীদের সচেতন করা, স্ক্রিনিংয়ে সহযোগিতা এবং প্রয়োজনীয় চিকিৎসাকেন্দ্রে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
ক্যান্সার চিকিৎসায় সবার সমান অধিকার প্রতিষ্ঠায় সরকার, চিকিৎসক সমাজ, ক্যান্সারজয়ী ব্যক্তি, সুশীল সমাজ ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সমন্বিত উদ্যোগ গড়ে তোলার ওপরও জোর দেন তিনি।
তার মতে, এ উদ্যোগের সাফল্য শুধু কর্মসূচি গ্রহণের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। কতজন মেয়েশিশু টিকার আওতায় এসেছে, কতজন নারী স্ক্রিনিং করিয়েছেন, কতজনের রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত হয়েছে এবং কতজন সময়মতো চিকিৎসা পেয়েছেন—এসব বাস্তব ফলাফলের ভিত্তিতেই সাফল্য মূল্যায়ন করতে হবে। একই সঙ্গে চিকিৎসার ব্যয় যেন কোনো পরিবারকে অসহনীয় আর্থিক সংকটে না ফেলে, তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।



