দেশের মানুষের চোখের সুস্থতা নিশ্চিত করতে চিকিৎসাসেবার পাশাপাশি ব্যাপক জনসচেতনতা ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, চোখের রোগ প্রতিরোধে অন্যান্য শারীরিক অসুস্থতার ঝুঁকিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
রবিবার (৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশের চক্ষুস্বাস্থ্যবিষয়ক বহুখাতভিত্তিক কর্মপরিকল্পনা যাচাই ও চূড়ান্তকরণ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক ও কিডনি সমস্যার সঙ্গে চোখের স্বাস্থ্যের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাই এসব রোগকে আলাদা করে দেখার সুযোগ নেই। সামগ্রিক স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রতিরোধমূলক ব্যবস্থা ও সমন্বিত চিকিৎসা নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, শুধু সরকারের উদ্যোগে সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। এ ক্ষেত্রে চিকিৎসকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ডায়াবেটিসের কারণে চোখ ও কিডনির জটিলতা বাড়ার পাশাপাশি হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিও তৈরি হচ্ছে। আবার অনেকের জন্য ছানি অস্ত্রোপচারের ব্যয় বহন করাও কঠিন।
বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে সমন্বিত প্ল্যাটফর্ম গঠনের ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তাঁর মতে, এ ধরনের উদ্যোগের মাধ্যমে রোগ প্রতিরোধ, চিকিৎসাসেবা এবং জনসচেতনতামূলক কার্যক্রম আরও কার্যকর করা সম্ভব হবে। এতে গুরুতর স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে মানুষ আগেভাগে সতর্ক হওয়ার সুযোগ পাবে।


