ভাঙচুরের চিহ্ন মুছে আবারও স্বাভাবিক ছন্দে ফিরেছে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার। হামলার দেড় মাসেরও কম সময়ের মধ্যে সংস্কারকাজ শেষ করে গত ১০ নভেম্বর থেকে পুরোদমে চিকিৎসাসেবা চালু করেছে প্রতিষ্ঠানটি। প্রতিদিনের মতো আবারও মা ও শিশুদের চিকিৎসা নিতে আসার দৃশ্য দেখা যাচ্ছে কেন্দ্রটিতে।
গত ২৫ সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তদের হামলা, লুটপাট ও ব্যাপক ভাঙচুরে বিপর্যস্ত হয়ে পড়ে স্বল্প আয়ের মানুষের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠান। ভবনের কক্ষ ভেঙে ফেলার পাশাপাশি চিকিৎসা সরঞ্জাম, ওষুধ ও টিকাসামগ্রী লুট করা হয়। ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
হামলার পর ক্ষতিগ্রস্ত ভবন, ছাদ, দেয়াল, সীমানাপ্রাচীর ও রোগীদের অপেক্ষার জায়গা সংস্কার করা হয়েছে। নতুন আসবাবপত্রও সরবরাহ করা হয়েছে। বর্তমানে দুজন চিকিৎসক, আটজন প্যারামেডিকসহ মোট ২৫ জন কর্মী সেবা কার্যক্রম পরিচালনা করছেন।
কেন্দ্রটির ডেপুটি ক্লিনিক ইনচার্জ নূর মোহাম্মদ খান জানান, হামলার আগে প্রতিদিন ৩০০ থেকে ৩৫০ জন রোগী এখানে চিকিৎসা নিতেন। আবারও সেই পরিমাণ রোগীকে সেবা দেওয়ার কার্যক্রম চালু হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের উদ্যোগ ও সহযোগিতায় পুনর্নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।
তবে সব সংকট কাটেনি। ল্যাবের মাইক্রোস্কোপ, রক্ত পরীক্ষার সরঞ্জাম, এমআরআই ও এক্স-রে মেশিন এখনো স্থাপন করা যায়নি। ফলে পরীক্ষার নমুনা পাঠাতে হচ্ছে মিরপুর-১০ নম্বরের রাড্ডা মেডিকেল সেন্টারে।
এদিকে হামলার ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজন স্থানীয় রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী, দোকানদার সমবায় সমিতির সদস্য ও ভাঙচুরে অংশ নেওয়া শ্রমিক রয়েছেন। তাঁদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত সন্দেহে প্রায় ৪০ জনের একটি তালিকা তৈরি করেছে গোয়েন্দা পুলিশ। আলোচিত কয়েকজন অভিযুক্তের নামও তদন্তে এসেছে। তাদের মধ্যে স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ হানিফ মিয়া, ছাত্রদলের সাবেক নেতা আবুল কালাম আজাদ ওরফে লেলিন এবং যুবদলের সাবেক নেতা মোস্তফা জগলুল পাশা পাপেলের নাম রয়েছে। তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনো তদন্তাধীন এবং কয়েকজন এখনো গ্রেপ্তার হননি।
মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের সঙ্গে হানিফ মিয়ার বক্তব্য মিলিয়ে দেখার প্রয়োজন রয়েছে। তাকে গ্রেপ্তার করতে না পারায় হামলার পরিকল্পনা ও সমন্বয়ের বিষয়টি পুরোপুরি স্পষ্ট করা যাচ্ছে না।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খান বলেছেন, অভিযুক্ত ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে। কাউকে রাজনৈতিক পরিচয়ের কারণে ছাড় দেওয়ার সুযোগ নেই।
রাড্ডার নির্বাহী পরিচালক ডা. নাসরিন আক্তার দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তার প্রত্যাশা, চিকিৎসাসেবার পরিবেশ স্বাভাবিক হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটির নিরাপত্তাও নিশ্চিত হবে।