আর্থিক সংকটে থাকা দীর্ঘমেয়াদি ব্যথায় আক্রান্ত মানুষের চিকিৎসাসহায়তায় রাজধানীর খিলগাঁওয়ে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করেছে রিজেনেক্স পেইন সল্যুশন ও রিজেনেক্স ফাউন্ডেশন। এ আয়োজনে ১০০ জন রোগীকে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে।
শনিবার খিলগাঁও উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ক্যাম্পে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা ও ওজন পরিমাপ করা হয়। চিকিৎসাসেবা প্রদান করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রিউমাটোলজিস্ট ও রিজেনারেটিভ মেডিসিন বিশেষজ্ঞ ডা. মঞ্জুর এ খোদা।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, প্রথম বাংলাদেশি চিকিৎসক হিসেবে তিনি বিশ্বের ১০০ জন সেরা ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন।
ক্যাম্পে ডা. মঞ্জুর এ খোদা বলেন, অর্থের অভাবে অনেক দীর্ঘমেয়াদি ব্যথার রোগী প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হন। তাদের পাশে দাঁড়ানো এবং চিকিৎসার সুযোগ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খিলগাঁও থানা বিএনপির সদস্যসচিব মামুনুর রশিদ আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মোবারুল ইসলাম, খিলগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের সভাপতি, খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং গবেষক ও ইউনিভার্সাল সোশ্যাল সার্ভিসের সিইও আব্দুল্লাহ আল মামুন।
এ ছাড়া রিজেনেক্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল কাইয়ূমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।