রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারে তাদের ফিরে যাওয়ার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এ ক্ষেত্রে কমনওয়েলথের সদস্য দেশগুলোকে একযোগে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার (২ নভেম্বর) অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসে আমেরিকান ইউনিভার্সিটি অব অ্যান্টিগুয়ায় অনুষ্ঠিত কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের রিট্রিট অধিবেশনে বক্তব্য দেন তিনি। সেখানে রোহিঙ্গাদের নিরাপদে, স্বেচ্ছায় এবং সম্মানজনকভাবে মিয়ানমারে ফেরার বিষয়টি তুলে ধরেন। মঙ্গলবার (৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বক্তব্যে হুমায়ুন কবির বলেন, বর্তমান বিশ্বের বহুমুখী সংকট মোকাবিলায় কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও কার্যকর করা জরুরি। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, জ্বালানি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং নতুন প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের মতো বিষয়ে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’ কার্যকরভাবে চালুর বিষয়েও গুরুত্ব দেন তিনি। পাশাপাশি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বিনিয়োগের সুযোগ বাড়াতে একটি সমন্বিত কাঠামো তৈরির প্রস্তাব তুলে ধরেন বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী।




