একসময় টেলিভিশনের পর্দায় অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছিলেন মার্কিন অভিনেত্রী এরিকা এলেনিয়াক। দীর্ঘ বিরতির পর এবার ভিন্ন এক পরিচয়ে আলোচনায় এসেছেন ৫৭ বছর বয়সী এই তারকা। অনলাইনভিত্তিক সাবস্ক্রিপশন সেবা অনলি ফ্যানসে যোগ দিয়ে অল্প সময়েই বড় অঙ্কের অর্থ উপার্জন করেছেন তিনি।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম টিএমজেডের প্রতিবেদন অনুযায়ী, প্ল্যাটফর্মটিতে কাজ শুরু করার মাত্র তিন মাসের মধ্যে তার আয় দাঁড়িয়েছে প্রায় ৩ লাখ ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩ কোটি টাকারও বেশি। বর্তমান আয়ের ধারা বজায় থাকলে প্রথম ১২ মাসে উপার্জন ১০ লাখ ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ফক্স নিউজ ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এই নতুন উদ্যোগ নিয়ে খোলামেলা কথা বলেছেন এরিকা। তার বক্তব্য, শুরুতে প্ল্যাটফর্মটির সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে আগ্রহ ছিল না। কিন্তু কাজ শুরু করার পর অভিজ্ঞতাটি উপভোগ করতে শুরু করেন। দীর্ঘদিন ধরে তার অভিনয়জীবন অনুসরণ করা দর্শকদের সঙ্গে সরাসরি সম্পর্ক গড়ে তোলার সুযোগও তৈরি হয়েছে।
অভিনেত্রীর কাছে আর্থিক সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত আত্মবিশ্বাস ফিরে পাওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তার মতে, এই উদ্যোগ তাকে মানুষের কাছ থেকে নতুন করে ভালোবাসা ও প্রশংসা পাওয়ার সুযোগ করে দিয়েছে।
টিএমজেডের তথ্য বলছে, গত আগস্টে অ্যাকাউন্ট খোলার পর প্রথম দিকে প্রতি সপ্তাহে প্রায় ১০ হাজার ডলার আয় করতেন এরিকা। সময়ের সঙ্গে সেই উপার্জন বেড়েছে। প্ল্যাটফর্মটিতে তাঁর গ্রাহকসংখ্যাও ১ হাজার ১০০ ছাড়িয়ে গেছে।
এরিকার পরিচিতি মূলত নব্বইয়ের দশকের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘বেওয়াচ’ ঘিরে। ওই সিরিজে অভিনয়ের সময় নিজের শারীরিক গঠন ও চেহারা নিয়ে অস্বস্তিতে থাকার কথাও জানিয়েছেন তিনি। বর্তমানে নিজের শরীর ও ব্যক্তিত্ব নিয়ে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী বলে জানান অভিনেত্রী।
ভক্তদের কাছ থেকে পাওয়া ইতিবাচক সাড়াও তাকে উৎসাহিত করছে। তার ভাষ্য, ক্যারিয়ারের শুরু থেকে যারা তাকে অনুসরণ করছেন, তাদের অনেকেই এখনো পাশে রয়েছেন। দীর্ঘ সময় পরও দর্শকদের এমন সমর্থন তাকে আবেগাপ্লুত করেছে।
সাবস্ক্রিপশনভিত্তিক প্ল্যাটফর্মের নতুন সম্ভাবনা
অনলি ফ্যানস এমন একটি অনলাইন মাধ্যম, যেখানে কনটেন্ট নির্মাতারা নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি নিয়ে গ্রাহকদের নিজস্ব তৈরি কনটেন্ট দেখার সুযোগ দেন। বিনোদন জগতের তারকা থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ এখানে নিজেদের কাজের মাধ্যমে আয় করতে পারেন।
প্ল্যাটফর্মটিকে শুধু প্রাপ্তবয়স্কদের কনটেন্টের জায়গা হিসেবে দেখার প্রবণতা থেকে বেরিয়ে আসার পক্ষেও মত দিয়েছেন এরিকা। তাঁর বিবেচনায়, এটি এখন ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগের একটি মাধ্যম হিসেবেও ব্যবহৃত হচ্ছে।
নিজের কনটেন্ট কীভাবে তৈরি ও প্রকাশ করবেন, সেই সিদ্ধান্ত নিজের হাতে রাখতে পারাটাকেই এই উদ্যোগের অন্যতম ইতিবাচক দিক হিসেবে দেখছেন তিনি। ফলে অভিনয়ের বাইরে ডিজিটাল দুনিয়ায় তার এই সাফল্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।