ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনার চেয়ে নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখাকেই বেশি সুন্দর মনে করেন অভিনেত্রী কেয়া পায়েল। প্রেম ও বিয়ে নিয়ে ভক্তদের কৌতূহলের মধ্যেই নিজের ভাবনার কথা জানিয়েছেন তিনি।
সম্প্রতি মালদ্বীপে ছুটি কাটাতে গিয়ে এক যুবকের সঙ্গে অভিনেত্রীর কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি হয়। একটি অভিজাত রেস্তোরাঁয় দুজনকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। এমনকি খাবার খাওয়ার সময় ওই যুবকের প্রতি কেয়া পায়েলের যত্নশীল আচরণও নজর কাড়ে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হয়। অনেকেই জানতে চান, ওই যুবকের সঙ্গে অভিনেত্রীর প্রেমের সম্পর্ক রয়েছে কি না।
বিষয়টি নিয়ে জল্পনার মধ্যেই নিজের একটি ছবি প্রকাশ করেন কেয়া পায়েল। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘প্রথম ভালোবাসা কি ভোলা যায়?’ তার এই মন্তব্য ঘিরে অনুসারীদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি হয়।
তবে ভিডিওতে থাকা ব্যক্তির সঙ্গে নিজের সম্পর্কের বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য দেননি অভিনেত্রী। ফলে প্রেমের গুঞ্জন এখনো নিশ্চিত কোনো তথ্যে রূপ নেয়নি।




