বাংলা সাহিত্যের লোকজ ঐতিহ্য এবার উঠে আসছে চলচ্চিত্রের পর্দায়। পল্লীকবি জসীমউদ্দীনের বহুল পরিচিত কাব্য ‘সোজন বাদিয়ার ঘাট’ নিয়ে পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করছেন চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল। নির্মাণকাজের বড় একটি অংশ শেষ হয়েছে। পরিচালক জানিয়েছেন, ছবিটির প্রায় ৭০ শতাংশ দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।
প্রায় দুই ঘণ্টার এই চলচ্চিত্রের চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক নিজেই। সিনেমাটির দৃশ্য ধারণ করছেন রাকিবুল হাসান। সম্পাদনার দায়িত্বে রয়েছেন মহাদেব শি। শিল্প নির্দেশনায় আছেন উত্তম গুহ। সংগীত পরিচালনা করছেন সৈয়দ শাবাব আলী আরজু। অন্যদিকে পোশাক পরিকল্পনা ও চরিত্র নির্বাচন সামলাচ্ছেন চিত্রলেখা গুহ।
নির্মাণকাজে সহকারী পরিচালক হিসেবে যুক্ত রয়েছেন সৈয়দ শাবাব আলী আরজু, সাগির মোস্তফা, সন্দীপ মিস্ত্রি ও অপরাজিতা সংগীতা। ছবিটির সহপ্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন হাসনা জসীমউদ্দীন মওদুদ।
চলচ্চিত্রের কেন্দ্রীয় দুই চরিত্রে দেখা যাবে তনয় বিশ্বাস ও রাদিফা নারমিনকে। তাদের অভিনয়ে যথাক্রমে সোজন ও দুলি চরিত্র ফুটে উঠবে। চরিত্র দুটির শৈশবের অংশে অভিনয় করছেন দিহান ও শ্রেয়া বৈদ্য।
এ ছাড়া সিনেমাটির বিভিন্ন চরিত্রে থাকছেন চিত্রলেখা গুহ, কাজী রাজু, জুবায়ের জাহিদ, আহসানুল হক মিনু, স্বপ্না বৈদ্য, শাহ আলম দুলাল ও রেজাউল করিম রেজাসহ আরও কয়েকজন শিল্পী।
লোকজ আবহ, প্রেম ও গ্রামীণ জীবনের অনুষঙ্গে সমৃদ্ধ জসীমউদ্দীনের এই সাহিত্যকর্মকে চলচ্চিত্রে নতুনভাবে উপস্থাপনের উদ্যোগ নিয়েছেন তানভীর মোকাম্মেল। নির্মাণাধীন ছবিটি ঘিরে এখন অপেক্ষা দর্শকদের সামনে এর পূর্ণাঙ্গ রূপ তুলে ধরার।