বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই এক অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়ে আলোচনায় এসেছেন টালিউডের তারকা দম্পতি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। দীর্ঘদিন তাদের একসঙ্গে দেখা না যাওয়ায় সম্পর্কের দূরত্ব নিয়ে নানা কথা ছড়িয়েছিল। তবে সম্প্রতি কলকাতার একটি দীপাবলি পার্টিতে দুজনকে হাসি-আনন্দে সময় কাটাতে দেখা গেছে।
২০২৩ সালে প্রথমবার তাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে। যদিও তখন দুজনই সেই আলোচনা নাকচ করেছিলেন। পরবর্তী সময়ে আবারও তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। এমনকি আলাদা বাসায় থাকার কথাও সামনে আসে। তবে এসব বিষয়ে প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি তারকা দম্পতি।
সম্প্রতি এক অনুষ্ঠানে একসঙ্গে অংশ নেওয়ার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তৃণা। তাঁর ভাষ্য, তারা কখনোই বিচ্ছেদের কথা জানাননি। নিজেদের মতো করে অনেকে নানা ধারণা করেছেন। ব্যক্তিগত জীবনে কোনো পরিবর্তন এলে যথাসময়ে তা জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
তৃণা আরও স্পষ্ট করেন, তাদের এখনো বিবাহবিচ্ছেদ হয়নি। তবে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিস্তারিত কিছু বলতে রাজি নন অভিনেত্রী। অন্যদিকে নীলও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য এড়িয়ে গেছেন।
২০২১ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করেন নীল ও তৃণা। বর্তমানে নীল অভিনয় করছেন ‘দুলারী’ ধারাবাহিকে। আর তৃণাকে দেখা যাচ্ছে ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকে।