পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সারা খান অবশেষে ভক্তদের সামনে পরিচয় করিয়ে দিলেন তার ছোট মেয়ে রনিয়াকে। জন্মের পর প্রায় পাঁচ মাস শিশুটিকে জনসমক্ষে না আনলেও এবার টেলিভিশন অনুষ্ঠান ও সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের ছবি প্রকাশ করেছেন তিনি।
সম্প্রতি উপস্থাপক নিদা ইয়াসিরের সঞ্চালনায় ‘গুড মর্নিং পাকিস্তান’ অনুষ্ঠানে অংশ নেন সারা। গত ৪ অক্টোবর প্রচারিত পর্বে ছোট মেয়েকে সঙ্গে নিয়ে হাজির হন অভিনেত্রী। সেখানেই প্রথমবার দর্শকেরা রনিয়ার মুখ দেখার সুযোগ পান।
অনুষ্ঠানে সারা জানান, জন্মের পর থেকেই ছোট মেয়েকে প্রচারের আলো থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। এ কারণে এত দিন শিশুটির কোনো ছবি প্রকাশ করা হয়নি। মেয়েকে প্রথমবার পর্দায় দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থাপক নিদা ইয়াসিরও।
টেলিভিশনে উপস্থিতির পর ইনস্টাগ্রামেও পারিবারিক কিছু ছবি শেয়ার করেন সারা। সেখানে রনিয়ার জন্মের সময় থেকে শুরু করে তার বেড়ে ওঠার প্রথম পাঁচ মাসের স্মৃতি তুলে ধরেছেন। একটি ছবিতে বাবা সংগীতশিল্পী ফালাক শাবিকে নবজাতক মেয়েকে কোলে নিয়ে থাকতে দেখা যায়। অন্য ছবিতে বড় বোন আলিয়ানার সঙ্গে রনিয়ার মধুর মুহূর্ত ধরা পড়েছে।
ছোট মেয়ের একটি ছবির সঙ্গে আবেগঘন বার্তাও দিয়েছেন অভিনেত্রী। সেখানে আদর করে রনিয়াকে ‘আমার রানি’ বলে উল্লেখ করেন তিনি। এত দিন ব্যক্তিগত পরিসরে রাখা মেয়ের ছবি প্রকাশের পর সারা খানের পারিবারিক মুহূর্তগুলো নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।




