সমালোচনা কিংবা অনলাইন বিদ্রূপ—কোনোটিই নিজের কাজের প্রতি মনোযোগ নষ্ট করতে দিতে চান না বলিউড অভিনেতা রণবীর কাপুর। তার নতুন সিনেমা ‘রামায়ণ’ নিয়ে নানা মহলে আলোচনা চলার মধ্যেই নেতিবাচক মন্তব্যের জবাব দিয়েছেন অভিনেতা।
সম্প্রতি একটি অনুষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলিংয়ের বিষয়ে কথা বলতে গিয়ে রণবীর জানান, মানুষের মন্তব্য নিয়ে অযথা চিন্তিত হওয়ার কিছু নেই। তার বক্তব্যে উঠে এসেছে ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘সঞ্জু’ সিনেমার একটি সংলাপের প্রসঙ্গও।
রাজকুমার হিরানী পরিচালিত ওই চলচ্চিত্রে সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর। সেখানে সঞ্জয়ের বাবা সুনীল দত্তের ভূমিকায় ছিলেন পরেশ রাওয়াল। সিনেমার একটি দৃশ্যে ছেলেকে মানুষের সমালোচনা উপেক্ষা করে নিজের পথে চলার পরামর্শ দেওয়া হয়। ‘কুছ তো লোগ কহেঙ্গে’ গানের কথার মধ্য দিয়ে সেই বার্তাই তুলে ধরা হয়েছিল। বাস্তব জীবনের সমালোচনা মোকাবিলাতেও একই দর্শনের প্রতিফলন দেখা যাচ্ছে রণবীরের বক্তব্যে।
এদিকে নীতেশ তিওয়ারির পরিচালনায় নির্মিত ‘রামায়ণ’ মুক্তির আগেই দর্শক ও চলচ্চিত্রপ্রেমীদের আলোচনায় জায়গা করে নিয়েছে। ছবিটির প্রচারণামূলক দৃশ্য প্রকাশের পর যেমন প্রশংসা এসেছে, তেমনি বিশেষ করে গান ও উপস্থাপনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাও হয়েছে।
যুক্তরাষ্ট্রে সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। এতে রণবীরের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন যশ, সাই পল্লবী, সানি দেওল, রবি দুবে, অরুণ গোবিল, রাকুল প্রীত সিং, বিবেক ওবেরয়, লারা দত্ত ও কুণাল কাপুরসহ আরও অনেকে।
নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, সিনেমাটি ৪০টি ভাষায় মুক্তি দেওয়ার কথা রয়েছে। আগামী ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে আসার কথা ‘রামায়ণ’-এর। প্রচারণা ঘিরে তৈরি হওয়া আগ্রহ, বিতর্ক ও প্রত্যাশা শেষ পর্যন্ত বক্স অফিসে কতটা প্রভাব ফেলে, এখন সেটিই দেখার বিষয়।