সুপারস্টার রজনীকান্তের সঙ্গে প্রথম দিনের শুটিংয়েই অস্বস্তিতে পড়েছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। ‘জেলার ২’ সিনেমার একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে হাত-পা কাঁপতে শুরু করে তার। সহশিল্পীর সামনে দাঁড়িয়ে নার্ভাস হয়ে পড়েছেন—সেটের অনেকের ধারণা ছিল এমনটাই। তবে বিদ্যার অস্বস্তির কারণ ছিল অন্য।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দৃশ্যটিতে রজনীকান্তের মুখের দিকে সিগারেটের ধোঁয়া ছাড়তে হয়েছিল বিদ্যাকে। শটটি ঠিকভাবে ধারণ করতে প্রায় তিনবার চেষ্টা করতে হয় তাকে। ধূমপানের অভ্যাস না থাকায় সিগারেটের নিকোটিনের প্রভাবেই এমন পরিস্থিতি তৈরি হয়েছিল বলে জানান অভিনেত্রী।
অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বিদ্যা জানান, প্রথমে ভেবেছিলেন, সহজেই দৃশ্যটি করতে পারবেন। কিন্তু প্রথম টেকের পরই তার হাত-পা কাঁপতে থাকে। এতে বিব্রত হয়ে পড়েছিলেন তিনি। সেটে থাকা অন্যরা অবশ্য প্রথমে বিষয়টিকে রজনীকান্তের সামনে তার স্নায়ুচাপ হিসেবে দেখেছিলেন।
অস্বস্তিকর অভিজ্ঞতার পরও রজনীকান্তের সঙ্গে কাজ করতে পেরে খুশি বিদ্যা। অভিনেতার ব্যক্তিত্ব ও আন্তরিকতার প্রশংসা করে তিনি জানান, রজনীকান্ত প্রতিদিন তার খোঁজখবর নিতেন। বিদ্যার ভাষায়, রজনী স্যার খুব ভালো মনের মানুষ।
সিনেমায় ধূমপানের দৃশ্যের ব্যবহার নিয়েও মত দিয়েছেন বিদ্যা। তার মতে, গল্পের প্রয়োজনে কোনো কোনো ক্ষেত্রে এমন দৃশ্য গুরুত্বপূর্ণ হতে পারে, আবার সব সময় এর প্রয়োজন নাও থাকতে পারে। ‘জেলার ২’-এর শুটিংয়ের প্রথম দিনের অভিজ্ঞতা তাই অস্বস্তিকর হলেও সহশিল্পীর আন্তরিকতা তার মনে আলাদা জায়গা করে নিয়েছে।