প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের প্রকৌশল শিক্ষাকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে দক্ষতাভিত্তিক শিক্ষা, গবেষণা ও কর্মমুখী প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বুধবার (২৫ নভেম্বর) ঢাকায় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) কাউন্সিলের ২৩তম সভায় এসব কথা বলেন।
সভায় সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় শুধু সনদ দেওয়ার জায়গা নয়, বরং জ্ঞান ও গবেষণার উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে উঠতে হবে। সততা, নৈতিকতা, দেশপ্রেম ও পেশাগত দক্ষতায় সমৃদ্ধ প্রজন্ম তৈরিতে সরকার কাজ করছে।
বাংলাদেশকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এমন শিক্ষার পরিবেশ গড়ে তোলা হবে, যাতে বিদেশি শিক্ষার্থীরাও এখানে পড়তে আগ্রহী হন।
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যপ্রযুক্তি, বিগ ডাটা ও রোবটিক্সে গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরেন মন্ত্রী। এ ক্ষেত্রে এমআইএসটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে শিক্ষামন্ত্রী এমআইএসটির স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন।




