শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যক্রম পর্যালোচনার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) ঢাকার তেজগাঁওয়ের ফ্যালকন মিলনায়তনে ‘আউটকাম বেইজড এডুকেশন’ বা ওবিই বিষয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের এভিয়েশন অপারেশন ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে ঢাকা ও লালমনিরহাট ক্যাম্পাসের শিক্ষক এবং শিক্ষাবিষয়ক কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন অ্যারোস্পেস ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ অনুষদের ডিন এয়ার কমডোর মো. রবিউল হাসান।
 স্বাগত বক্তব্য দেন এভিয়েশন অপারেশন ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. হোসনে নাসরিন। প্রধান অতিথি ও সেশন চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান। চারটি পৃথক সেশনে প্রশিক্ষণটি পরিচালিত হয়। এতে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ), ওবিই পদ্ধতির মূলনীতি, পাঠ্যক্রম প্রণয়ন ও সংশোধন, শিক্ষার্থীদের শিখনফল নির্ধারণ এবং অর্জিত দক্ষতা পরিমাপের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া রুব্রিকসভিত্তিক নম্বর প্রদান, শিক্ষার্থীদের অগ্রগতি মূল্যায়ন এবং ধারাবাহিক মানোন্নয়ন বা সিকিউআই প্রক্রিয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। 
প্রশিক্ষণে বিশেষজ্ঞ বক্তা হিসেবে সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও আইকিউএসি-এর সাবেক অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. সৈয়দ শাহরিয়ার রহমান। আরও ছিলেন আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সরওয়ার মোর্শেদ এবং একই বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের সহযোগী অধ্যাপক ও আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. নাজনীন সুলতানা চৈতী। তাত্ত্বিক আলোচনার পাশাপাশি প্রশিক্ষণে হাতে-কলমে অনুশীলন ও দলীয় উপস্থাপনার আয়োজন করা হয়। এর মাধ্যমে কোর্সের শিখনফল এবং ডিগ্রি অর্জনের লক্ষ্যের মধ্যে সমন্বয় তৈরির কৌশল শেখানো হয়। পাশাপাশি কার্যকর মূল্যায়ন কাঠামো তৈরি ও নিয়মিত পর্যালোচনার মাধ্যমে শিক্ষার পরিবেশ উন্নত করার বিষয়েও আলোচনা হয়। 
সমাপনী বক্তব্যে উপাচার্য এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ে ওবিই কাঠামো যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষাপদ্ধতি, অর্জিত জ্ঞান ও দক্ষতার বাস্তব প্রয়োগ এবং পাঠদানের কৌশল নিয়মিত আধুনিকায়ন করা সময়োপযোগী পদক্ষেপ। তিনি আরও বলেন, বৈশ্বিক এভিয়েশন ও অ্যারোস্পেস খাতের পরিবর্তনশীল চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে একাডেমিক কাঠামোকে শক্তিশালী করা প্রয়োজন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সম্মাননা সনদ ও স্মারক তুলে দেওয়া হয়। পরে যৌথ আলোকচিত্রের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।