ভারতের নয়াদিল্লিতে অবস্থিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নরস বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। গত ৮ ও ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়টির ১৬তম গভর্নিং বোর্ডের সভায় তাকে এ পদে নির্বাচিত করা হয়।
অধ্যাপক মামুন আহমেদ দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে শ্রীলঙ্কার প্রতিনিধি অধ্যাপক কাপিলা সেনেভিরত্নের স্থলাভিষিক্ত হয়েছেন। সার্কের উদ্যোগে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়ানোর নতুন সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
নতুন চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ বলেন, এ দায়িত্ব বাংলাদেশের জন্য সম্মানজনক। তিনি দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শিক্ষা ও গবেষণার সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেবেন।
তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউজিসিতে কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার মান উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো এবং প্রশাসনে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ গবেষণা, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, ডিজিটাল যোগাযোগ এবং বৃত্তির সুযোগ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
অধ্যাপক কাপিলা সেনেভিরত্নের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভায় সদস্যরা অংশ নেন। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, চেয়ারম্যানের মেয়াদ নির্বাচনের তারিখ থেকে দুই বছর অথবা পরপর দুটি সভা পর্যন্ত—যেটি আগে ঘটে। ২০২৪ সালের ২১ আগস্ট বোর্ডের ১৩তম সভায় অধ্যাপক কাপিলা সেনেভিরত্নেকে চেয়ারম্যান নির্বাচনের প্রস্তাব গৃহীত হয়েছিল। পরে তিনি ১৪তম ও ১৫তম সভায় সভাপতিত্ব করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মামুন আহমেদ ইউজিসির চেয়ারম্যান হওয়ার আগে বিশ্ববিদ্যালয়টির সহ-উপাচার্য (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করেন। সার্কভুক্ত আটটি দেশের উদ্যোগে ২০১০ সালে প্রতিষ্ঠিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটির মূল লক্ষ্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে উচ্চশিক্ষা, গবেষণা, জ্ঞান বিনিময় ও আঞ্চলিক সংহতি বাড়ানো।