জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মোহাইমিনুল ইসলাম নিখোঁজ হয়েছেন। তার সন্ধান পেতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে। রোববার (১১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের সামনে থেকে ঢাকাগামী বিআরটিসি বাসে ওঠার পর থেকে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ওই শিক্ষার্থী হলটির আবাসিক বাসিন্দা ছিলেন এবং ‘এ’ ব্লকের ১১০ নম্বর কক্ষে থাকতেন। 
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৩টা ৮ মিনিটে তিনি হলের সামনে থেকে বাসে ওঠেন। এরপর থেকে তার অবস্থান সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সাভার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনকেও জানানো হয়েছে। প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীর আবাসিক কক্ষে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। নোটে বিভাগের অবহেলার বিষয়ে উল্লেখ থাকায় বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 
তবে নোটে উল্লেখ করা বক্তব্যের সত্যতা ও নিখোঁজ হওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্তের বিষয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন মোহাইমিনুল ইসলামের সন্ধানে সবার সহযোগিতা কামনা করেছে। তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ আব্দুল হালিম অথবা নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ জেফরুল হাসান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা জামালপুর জেলার মেলান্দহ উপজেলার হাজরা বাড়ি।