শিক্ষার্থীদের অর্জনকে স্বীকৃতি দিতে মেহেরপুরের কবি নজরুল শিক্ষা মঞ্জিলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সানজিদা ইসলাম স্বাগত বক্তব্য দেন। সহকারী শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অভিভাবক ফাহমিদা খাতুন, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম এবং শিক্ষার্থী কবির হোসেন।
অনুষ্ঠানের মাধ্যমে কৃতী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাঁদের আগামী দিনের শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগানো হয়। পরে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। এর আগে বিদ্যালয়ে পৌঁছালে ইউএনও বাবলু সূত্রধরকে ফুলেল শুভেচ্ছা জানায় প্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা।




