বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর (এমএসসি) প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামী ২৫ অক্টোবর। আগ্রহী প্রার্থীরা ২৬ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ ডিসেম্বর।
বুটেক্সের পাঁচটি অনুষদের অধীন বিভিন্ন বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে। এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগে প্রতিটিতে ১৫টি করে আসন রয়েছে।
এ ছাড়া এমএসসি ইন সাসটেইনেবিলিটি ইন টেক্সটাইলস প্রোগ্রামের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১৫টি এবং এমএসসি ইন ফ্যাশন মার্চেন্ডাইজিং অ্যান্ড রিটেইলিং প্রোগ্রামের টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগে ১৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
আবেদনকারীদের বুটেক্স অথবা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। সিজিপিএ ৪-এর স্কেলে ন্যূনতম ৩.০০ অথবা প্রথম শ্রেণি অর্জনকারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।
ভর্তি পরীক্ষা হবে দেড় ঘণ্টার ১০০ নম্বরের লিখিত পরীক্ষা। এর মধ্যে বিভাগসংশ্লিষ্ট বিষয়ে ৪০, সাধারণ টেক্সটাইল বিষয়ে ৪০ এবং ইংরেজিতে ২০ নম্বর থাকবে। ফল প্রকাশ করা হবে ১০ ডিসেম্বর। মেধাতালিকার ভিত্তিতে চূড়ান্তভাবে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে ‘এমএসসি অ্যাডমিশন’ অপশন থেকে পছন্দের কোর্স নির্বাচন করে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে বুটেক্সের দাপ্তরিক ওয়েবসাইট অথবা রেজিস্ট্রার কার্যালয়ের একাডেমিক সেকশনে ০১৫৫৪-৯২৬২২০ নম্বরে যোগাযোগ করা যাবে।