নানা আয়োজনের মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দিনব্যাপী অনুষ্ঠানে আনন্দ র‍্যালি, কেক কাটা, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে একটি আনন্দ র‍্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার স্মারক মাঠে কেক কাটা হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. তাজুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. নুর আলম সিদ্দিক, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সিফাত রুমানা এবং রেজিস্ট্রার ও প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ফেরদৌস রহমান।
দুপুরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজির মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজন শেষ হয়।