বাংলাদেশে অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে জাপানের সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি প্রচলিত বৈদেশিক বিনিয়োগের বাইরেও অর্থায়নের বিকল্প উৎস কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছে দুই দেশ।
শুক্রবার (৩০ অক্টোবর) টোকিওতে জাপানের অর্থমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে দেশটির অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা এবং সহকারী অর্থমন্ত্রী মিমুরা আতসুসির বৈঠকে এসব বিষয় উঠে আসে।
বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের অর্থনৈতিক যোগাযোগ এবং উন্নয়ন সহযোগিতার ধারাবাহিকতা নিয়ে আলোচনা হয়। বিদ্যমান অংশীদারিত্বকে আরও বিস্তৃত করার পাশাপাশি নতুন খাতে যৌথভাবে কাজ করার সম্ভাবনাও খতিয়ে দেখেন দুই পক্ষের প্রতিনিধিরা।
বাংলাদেশের অবকাঠামো খাতে উন্নয়ন কার্যক্রম, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন অর্থায়ন পদ্ধতি যুক্ত করার বিষয়গুলো আলোচনায় বিশেষ গুরুত্ব পায়। বিশেষ করে সরাসরি বিদেশি বিনিয়োগের পাশাপাশি বিকল্প আর্থিক ব্যবস্থার মাধ্যমে সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।
বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলে কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ ও জাপানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও আলোচনায় অংশ নেন।
উল্লেখ্য, বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করছে জাপান। দেশটির অর্থায়নে বাংলাদেশে বিভিন্ন অবকাঠামো ও সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বর্তমানে চলমান প্রকল্পগুলোর পাশাপাশি নতুন সহযোগিতামূলক উদ্যোগ নিয়েও দুই দেশের মধ্যে কার্যক্রম অব্যাহত রয়েছে।




