সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মুনাফা ৪ শতাংশে সীমাবদ্ধ রেখে কমিয়ে দেওয়ার আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় সংশ্লিষ্ট সময়ের প্রকৃত কার্যকর মুনাফার হার বিবেচনা করে আমানতের হিসাব পুনর্নির্ধারণের কথা বলা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত ব্যক্তিগত ও অপ্রাতিষ্ঠানিক মেয়াদি আমানত এবং কিস্তিভিত্তিক আমানতের ক্ষেত্রে সরাসরি ৪ শতাংশ হারে মুনাফা নির্ধারণ করা হবে না। ওই সময়ে ব্যাংকে যে কার্যকর মুনাফার হার ছিল, সেটি বিবেচনায় নিয়েই প্রতিটি আমানতের হিসাব নতুন করে নির্ধারণ করতে হবে।

এ ছাড়া ২০২৫ সালের ২৯ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তিন দিনের অন্তর্বর্তী সময়ের জন্যও পুনর্নির্ধারিত মুনাফার হার কার্যকর থাকবে।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আমানতকারীদের আস্থা পুনরুদ্ধার, ব্যাংকের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা এবং মুনাফা সমন্বয়ের বাস্তব জটিলতার বিষয়গুলো বিবেচনায় নিয়ে আগের ‘হেয়ারকাট’ সংক্রান্ত নির্দেশনা পুনর্বিবেচনা করা হয়েছে।

দীর্ঘ অপেক্ষার পর গত ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা আমানতের অর্থ উত্তোলনের সুযোগ পেয়েছেন। টাকা তোলার কার্যক্রম শুরুর পর প্রথম তিন দিনেই ২৭ হাজার ৫৬ জন গ্রাহক মোট ১ হাজার ৪০ কোটি টাকা উত্তোলন করেছেন।