কার্তিকের শেষ সময়ে এসে বৃষ্টির পরশে বদলে গেছে রাজধানীর আবহাওয়া। সোমবার সন্ধ্যায় বজ্রপাতসহ বৃষ্টিতে ভিজেছে ঢাকা। দিনের ভ্যাপসা গরমের পর এই বৃষ্টি নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। একই সঙ্গে তাপমাত্রা কমার আভাসও দিয়েছে আবহাওয়ার এই পরিবর্তন।
সন্ধ্যার দিকে রাজধানীর নিউমার্কেট, ফার্মগেট, পুরান ঢাকা, উত্তরা, বিমানবন্দর, মিরপুর ও সায়েদাবাদসহ বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হয়। ঢাকার বাইরে গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থান ও কক্সবাজারেও বৃষ্টি এবং বজ্রপাতের খবর পাওয়া গেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বিস্তৃতি উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয় ৫৬ শতাংশ। এর আগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১১ নভেম্বর পর্যন্ত দেশের আট বিভাগেই বিভিন্ন সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে।
বুধবারও প্রায় একই ধরনের আবহাওয়া থাকতে পারে। বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শুক্রবার সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার ও বুধবার দিন-রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে রাতের তাপমাত্রা কমতে থাকলে শীতের অনুভূতি বাড়তে পারে, বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়নি। ফলে নভেম্বরের এই বৃষ্টির পর ধীরে ধীরে শীতের আবহ তৈরি হওয়ার সম্ভাবনা দেখছেন আবহাওয়াসংশ্লিষ্টরা।