জলবায়ু পরিবর্তনের ক্ষতি সামাল দিতে উন্নত দেশগুলোর কাছে ঋণের বোঝামুক্ত অর্থায়ন ও আধুনিক প্রযুক্তি সহায়তা চেয়েছে বাংলাদেশ। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য সহজলভ্য ও দীর্ঘমেয়াদি সহযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ব্লু জোনে আয়োজিত উচ্চপর্যায়ের এক আলোচনায় তিনি এসব কথা বলেন। ‘ফ্রম ক্লাইমেট কমিটমেন্টস টু ডিসেন্ট ওয়ার্ক: অ্যাডভান্সিং আ জাস্ট ট্রানজিশন ফর অল’ শীর্ষক অনুষ্ঠানে জলবায়ু কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান ও কর্মসংস্থান সুরক্ষার বিষয়টি তুলে ধরেন মন্ত্রী।
আবদুল আউয়াল মিন্টু বলেন, বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশের জন্য জলবায়ু পরিবর্তন মোকাবিলা মানে শুধু কার্বন নিঃসরণ কমানো নয়। এর সঙ্গে মানুষের জীবিকা রক্ষা, নতুন কর্মসংস্থান তৈরি এবং দুর্যোগ সহনশীল অর্থনীতি গড়ে তোলাও জরুরি। এ পরিবর্তনের সুফল যেন সমাজের সব শ্রেণির মানুষ পায়, তা নিশ্চিত করতে হবে।
জলবায়ু পরিকল্পনায় কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তাকে যুক্ত করতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশের জাতীয়ভাবে নির্ধারিত অবদান বা এনডিসি ৩.০ বাস্তবায়ন পরিকল্পনায় ন্যায্য রূপান্তরের জন্য পৃথক ব্যয় নির্ধারিত অধ্যায় রাখা হয়েছে। সরকার, শ্রমিক, নিয়োগকর্তা ও আন্তর্জাতিক শ্রম সংস্থার সহযোগিতায় এটি তৈরি করা হয়েছে।
নবায়নযোগ্য জ্বালানি খাতেও বড় লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের। ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে ৫ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পরিবেশমন্ত্রী জানান, পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এরই মধ্যে প্রায় ৩ কোটি ৬০ লাখ চারা রোপণ করা হয়েছে। এ উদ্যোগ থেকে প্রায় ৩ লাখ ৫০ হাজার সবুজ কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি কৃষি, মৎস্যসম্পদ ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনরুদ্ধারের পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শ্রমিক, নারী, তরুণ, নিয়োগকর্তা ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মতামতকে গুরুত্ব দিতে হবে। নতুন অর্থনীতির চাহিদা অনুযায়ী দক্ষতা বাড়ানোর পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করাও প্রয়োজন।
পরিবেশবান্ধব শিল্পে রূপান্তরের ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে অর্থায়ন, প্রযুক্তি ও কারিগরি সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান মন্ত্রী। একই সঙ্গে এ পরিবর্তনের কারণে যেন বিদ্যমান কর্মসংস্থান ও শিল্পের সক্ষমতা ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও নজর দেওয়ার কথা বলেন তিনি।
বাংলাদেশ এমন একটি আন্তর্জাতিক ন্যায্য রূপান্তর কাঠামোর পক্ষে, যেখানে জলবায়ু ঝুঁকিপূর্ণ ও স্বল্পোন্নত দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া হবে। আন্তর্জাতিক প্রতিশ্রুতি যেন বাস্তবে স্থানীয় মানুষের উপকারে আসে, সেই প্রত্যাশাও তুলে ধরেন পরিবেশমন্ত্রী।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও ইউরোপীয় কমিশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনায় কিরিবাতির কর্মসংস্থান ও মানবসম্পদমন্ত্রী অরিয়া কিটিনা, জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ড. মাহমুদ মোহিলদিনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং নারী ও যুব প্রতিনিধিরা অংশ নেন।



