আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বর্জ্য ব্যবস্থাপনাকে জলবায়ু কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, বর্জ্য পুনর্ব্যবহার ও সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে পরিবেশ সুরক্ষার পাশাপাশি কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের নতুন সুযোগ তৈরি হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ব্লু জোনে বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ‘ক্যান গ্রোথ আউটরান ওয়েস্ট?’ শীর্ষক উচ্চপর্যায়ের আলোচনায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিশ্বে প্রতিবছর ১০০ বিলিয়ন টনের বেশি কাঁচামাল ও সম্পদ ব্যবহৃত হলেও পুনরায় ব্যবহারের সুযোগ পাচ্ছে ১০ শতাংশেরও কম। উৎপাদন ও ভোগের এই ব্যবধান পরিবেশের ওপর বাড়তি চাপ তৈরি করছে। চক্রাকার অর্থনীতি কার্যকর করা গেলে সম্পদের অপচয় কমানোর পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো সম্ভব।
বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, বন্যায় ড্রেনেজ ব্যবস্থা ও বর্জ্য ফেলার স্থান ক্ষতিগ্রস্ত হলে জনস্বাস্থ্য, পরিবেশ ও মানুষের জীবিকা সরাসরি হুমকির মুখে পড়ে। তাই জলবায়ু অভিযোজন ও দুর্যোগ মোকাবিলার পরিকল্পনায় বর্জ্য ব্যবস্থাপনাকে বিশেষ গুরুত্ব দিতে হবে।
মন্ত্রী জানান, বর্জ্য কমানো, পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণে সরকার থ্রি-আর কৌশল এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা প্রণয়ন করেছে। প্লাস্টিক বর্জ্যের ক্ষেত্রে উৎপাদকের দায়বদ্ধতা নিশ্চিত করার ব্যবস্থাও নেওয়া হয়েছে। ব্যবহৃত লেড-অ্যাসিড ব্যাটারির জন্য একই ধরনের কাঠামো তৈরির কাজ চলছে।
তিনি আরও জানান, জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার সহযোগিতায় সিরাজগঞ্জে চিকিৎসা বর্জ্য পরিশোধনের সমন্বিত স্থাপনা গড়ে তুলেছে পরিবেশ অধিদপ্তর। এ ধরনের উদ্যোগ সম্প্রসারণের পাশাপাশি কঠিন, চিকিৎসা, বস্ত্রশিল্প ও ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনায় বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের।
পরিকল্পনার অংশ হিসেবে সারা দেশে পুনর্ব্যবহারযোগ্য উপাদান পৃথক ও সংগ্রহের জন্য ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটি স্থাপন এবং প্রতিটি বিভাগে ই-বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বন্যা ও ঘূর্ণিঝড়ের ঝুঁকি বিবেচনায় নিয়ে এসব অবকাঠামো নির্মাণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহযোগিতার প্রসঙ্গে আবদুল আউয়াল মিন্টু বলেন, গ্লোবাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপের সঙ্গে সমঝোতার ভিত্তিতে বাংলাদেশে ন্যাশনাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপ কার্যক্রম চলছে। সরকার, শিল্প খাত ও উন্নয়ন সহযোগীদের সমন্বয়ে একটি সরকারি-বেসরকারি স্টিয়ারিং গ্রুপ গঠনের পরিকল্পনাও রয়েছে। এর মাধ্যমে বিভিন্ন উদ্যোগের মধ্যে সমন্বয় বাড়ানো এবং বাস্তবায়নের বাধা দূর করা সম্ভব হবে।
বর্জ্য ব্যবস্থাপনায় আন্তর্জাতিক অর্থায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে মন্ত্রী বলেন, পরিচ্ছন্ন জ্বালানির মতো এ খাতেও বিশেষ আন্তর্জাতিক বিনিয়োগ প্ল্যাটফর্ম গড়ে তোলা দরকার। যেখানে বর্জ্য উৎপাদন কমানো এবং পরবর্তী সময়ে তা থেকে সম্পদ পুনরুদ্ধারকে অগ্রাধিকার দেওয়া হবে। এ লক্ষ্য অর্জনে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়, উন্নয়ন সহযোগী ও বেসরকারি খাতের সঙ্গে যৌথভাবে কাজ করতে প্রস্তুত।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের আয়োজনে অনুষ্ঠিত আলোচনায় চক্রাকার অর্থনীতির মাধ্যমে শিল্পের সক্ষমতা বৃদ্ধি, সম্পদের সাশ্রয়ী ব্যবহার, বর্জ্য হ্রাস ও পরিবেশবান্ধব কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলো গুরুত্ব পায়। আলোচনায় জার্মানির পরিবেশ ও জলবায়ুমন্ত্রী ড. হেইক হ্যানসহ সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশ নেন। প্যানেল আলোচনা সঞ্চালনা করেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের সার্কুলার ইকোনমি ট্রান্সফরমেশন অ্যান্ড গ্লোবাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপের পরিচালক ক্লেমেন্স স্মিড।