ভারতের উড়িষ্যা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’। শক্তি কিছুটা কমলেও এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়টি বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। আজ সকাল ৬টায় এটি চট্টগ্রাম বন্দর থেকে ৮৮৫, কক্সবাজার থেকে ৮৬৫, মোংলা থেকে ৭০০ এবং পায়রা বন্দর থেকে ৭৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল।
ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। দমকা হাওয়ায় তা ৮৮ কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে। কেন্দ্রের আশপাশে সাগর অত্যন্ত উত্তাল রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।