রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৫০ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি জিপ গাড়ি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম মো. সাকিব আহম্মেদ (২৪)। রোববার সকালে যাত্রাবাড়ী থানার শনির আখড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ডিএমপির গোয়েন্দা-মতিঝিল বিভাগ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, অভিযানে সাকিবের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত জিপ গাড়িটিও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।




