দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েও শেষ পর্যন্ত পুলিশের হাতে গ্রেপ্তার হলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম। থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে (২২ নভেম্বর) রাত ৩টার দিকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জানা গেছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা ছিল তার। বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গেলে গোয়েন্দা পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। পরে তাকে ডিবি কার্যালয়ে হস্তান্তর করা হয়।
ঢাকার অপরাধজগতের আলোচিত নাম সুইডেন আসলাম। ১৯৯৭ সালে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকা থেকে একাধিক খুনের ঘটনায় তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এরপর দীর্ঘ সময় কারাগারে ছিলেন তিনি। ২০২৪ সালের ৫ আগস্টের পর জামিনে মুক্তি পান এই শীর্ষ সন্ত্রাসী।
তার বিমানবন্দরে গ্রেপ্তারের ঘটনায় রাজধানীর অপরাধজগতের পুরোনো আলোচিত এই নাম আবারও সামনে এসেছে। তবে তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।