রাজধানীর খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় চোর সন্দেহে মোস্তফা (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একটি ওয়ার্কশপের কর্মচারীদের বিরুদ্ধে। শনিবার (২১ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভোরের দিকে নাগদারপাড় এলাকার একটি ওয়ার্কশপের টিনশেডের ওপর থেকে নিচে পড়ে যান মোস্তফা। এ সময় তাকে চোর সন্দেহে ওয়ার্কশপের কর্মচারীরা মারধর করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে তিনি গুরুতর আহত হন।
সকাল ৯টার দিকে খিলগাঁও থানার পুলিশ ইকো পেট্রোল পাম্পের সামনে থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা গেছে, টিনশেড থেকে পড়ে যাওয়ার পর চুরির সন্দেহে তাকে মারধর করা হয়। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
নিহত মোস্তফা খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম নিয়ামত আলী। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কাজ করতেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।