রাজধানীর নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে এক দিনেই গ্রেপ্তার হয়েছেন ৫২১ জন। এ সময় বিভিন্ন অপরাধে ৪০টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেলের অংশবিশেষ ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (২২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে এসব গ্রেপ্তার ও উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়।
বিভাগভিত্তিক গ্রেপ্তারের হিসাবে সবচেয়ে বেশি ১৫০ জন আটক হয়েছেন মিরপুর বিভাগে। এ ছাড়া ওয়ারী বিভাগে ৭০, তেজগাঁওয়ে ৬৩, মতিঝিলে ৫৭, উত্তরা বিভাগে ৫৭, লালবাগে ৪৪, রমনায় ৪১, গুলশানে ৩৩ এবং গোয়েন্দা বিভাগ ছয়জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি বিদেশি রিভলবার, ছয় রাউন্ড তাজা কার্তুজ এবং তিনটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ। মাদকের তালিকায় রয়েছে ১ হাজার ৮৭২ পিস ইয়াবা, ১৩১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ২৫ পুরিয়া হেরোইন ও ৫৩ বোতল ফেনসিডিল।
এ ছাড়া একটি জিপ গাড়ি, নগদ ১২ হাজার ৩৯৫ টাকা এবং নয়টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।