ফরিদপুরের বোয়ালমারীতে হামের উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রোজামনি (৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার সকালে জ্বর, সর্দি-কাশিসহ হামের উপসর্গ নিয়ে রোজামনিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন রাতে তার মৃত্যু হয়। রোজামনি পাশের সালথা উপজেলার সাধুহাটি গ্রামের সৌদি আরবপ্রবাসী অহিদ শেখের মেয়ে।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান জানান, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রতিদিনই এ ধরনের উপসর্গ নিয়ে রোগী আসছেন এবং অনেকেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে রোজামনির মৃত্যু হাসপাতালে হামের উপসর্গ নিয়ে প্রথম মৃত্যুর ঘটনা।
হামের সংক্রমণ বাড়তে থাকায় অভিভাবকদের শিশুদের টিকাদান নিশ্চিত করার আহ্বান জানান তিনি। কোনো শিশুর জ্বর, সর্দি-কাশি ও শরীরে লালচে দাগ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও পরামর্শ দেন এই স্বাস্থ্য কর্মকর্তা।