চাঁদপুরের মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযানে ৯ ডাকাতি ২ হত্যা মামলার আসামি নাহিদ গাজীকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে।  সোমবার (২ নভেম্বর) রাতে উপজেলার জহিরাবাদ ইউনিয়নের দেওয়ানকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া নাহিদ গাজী উপজেলার মোহনপুর এলাকার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা মো. হালান গাজীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোররাতেও পৃথক অভিযানে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তারা হলোঃ কুমিল্লার দাউদকান্দি উপজেলার পিপিয়াকান্দি গ্রামের মহসিন (৩৯) এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার বাঘমারা গ্রামের মো. সোহেল (২৮)। এ ছাড়া গত মাসেও মতলব উত্তর থানা পুলিশ আরও ৩ জনকে গ্রেপ্তার করে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এসময়ে তিনি জানান, ৯টি ডাকাতি ও ২টি হত্যা মামলার আসামি নাহিদ গাজীকে দেওয়ানকান্দি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।