ঝালকাঠিতে বাংলাদেশ স্কাউটসের জেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত বার্ষিক কাউন্সিল সভায় এ নিয়ে বিভিন্ন প্রস্তাব ও পরিকল্পনা তুলে ধরেন সংশ্লিষ্টরা। সকাল ১১টায় জেলা স্কাউটসের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও সংগঠনটির জেলা সভাপতি মো. মমিন উদ্দিন।
সভায় অংশ নেন স্কাউটসের বরিশাল অঞ্চলের উপপরিচালক মো. ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশির গাজী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম মজুমদার, জেলা স্কাউটসের সম্পাদক মোসলেম আলী সিকদার, সদর উপজেলা স্কাউটসের সম্পাদক মো. আকছেদ আলী খোন্দকার, কমিশনার গোলাম রব্বানী ও আনিচুর রহমান পলাশ এবং সহসভাপতি রিয়াজুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
কাউন্সিলের আলোচনায় জেলার স্কাউটিং কার্যক্রমের বর্তমান অবস্থা, সাংগঠনিক উদ্যোগের সাফল্য ও সীমাবদ্ধতা এবং পরবর্তী সময়ের করণীয় উঠে আসে। শিক্ষার্থীদের আরও বেশি করে স্কাউটিংয়ে যুক্ত করা, কার্যক্রমের পরিধি বাড়ানো এবং সমাজসেবামূলক কাজে সদস্যদের অংশগ্রহণ জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সভায় জেলা স্কাউটসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কাউন্সিল সদস্যরা উপস্থিত ছিলেন।



