দেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) অবদান বাড়ানোর পাশাপাশি বিপুল কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা নিয়েছে সরকার। ২০৩১ সালের মধ্যে এ খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান এবং মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এসএমই খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি, দারিদ্র্য বিমোচন ও স্বনির্ভরতা অর্জনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে এসএমই খাতকে সরকার বিশেষ অগ্রাধিকার দিচ্ছে।
তিনি জানান, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, প্রযুক্তির পরিবর্তন এবং ২০২৯ সালে এলডিসি থেকে উত্তরণের পর সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় এসএমই নীতিমালা-২০২৬-এর খসড়া তৈরি করা হয়েছে। শিগগিরই অনুমোদনের জন্য এটি মন্ত্রিসভায় তোলা হবে। এ নীতিমালার মাধ্যমে বাংলাদেশকে উৎপাদন ও রপ্তানির গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করার লক্ষ্য রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে বড় শিল্পের পাশাপাশি এসএমই প্রতিষ্ঠানগুলোকেও উৎপাদন ও সরবরাহব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে। এসব প্রতিষ্ঠানকে স্থানীয় বাজারনির্ভর না রেখে বড় শিল্পের সহযোগী উৎপাদক, যন্ত্রাংশ ও কাঁচামাল সরবরাহকারী এবং রপ্তানিমুখী প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে।
আগামী চার বছরে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে দেশের ৬৪ জেলায় প্রতিবছর ১০০ জন করে উদ্যোক্তা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী পাঁচ বছরে অন্তত ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এসএমই খাতের প্রধান বাধা হিসেবে মূলধনের সংকট, ঋণপ্রাপ্তির জটিলতা, প্রযুক্তির অভাব, দক্ষ কর্মীর স্বল্পতা ও বিপণন সমস্যার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এসব প্রতিবন্ধকতা কাটাতে সহজ শর্তে ঋণ, আধুনিক প্রশিক্ষণ এবং নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ সহায়তা প্রয়োজন বলে জানান তিনি।
চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প ও তথ্যপ্রযুক্তিসহ সম্ভাবনাময় খাতের পণ্য আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। এ লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের চিহ্নিত ১৭৭টি শিল্প ক্লাস্টারকে বিশেষ কর্মসূচির আওতায় উন্নয়নের পরিকল্পনা রয়েছে। বিদেশের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্রগুলোতে বাংলাদেশি উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনের জন্য আন্তর্জাতিক মেলার আয়োজনের কথাও জানান তিনি।
নারী উদ্যোক্তাদের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এবারের এসএমই মেলায় অংশ নেওয়া উদ্যোক্তাদের প্রায় ৬০ শতাংশ নারী। তাদের ব্যবসা সম্প্রসারণে অর্থায়ন, প্রযুক্তি, প্রশিক্ষণ ও বাজারসংযোগের বাধা দূর করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় সাতটি ক্যাটাগরি ও একটি বিশেষ ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ তুলে দেন তিনি।




