ফেনী সদর উপজেলার শশদী ইউনিয়নের দক্ষিণ আবুপুর সৎসঙ্গ সড়কের সলিং কাজে দরপত্রের শর্ত ও নির্মাণমান যথাযথভাবে অনুসরণ না করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রকল্পে মাটি ও বালিসহ সলিং কাজের জন্য প্রায় সাড়ে চার লাখ টাকা বরাদ্দ থাকলেও মাটি-বালি ছাড়াই ইট দিয়ে কাজ শেষ করা হয়েছে।
সূত্র জানায়, ওই কাজের ঠিকাদার হিসেবে ধর্মপুর ইউনিয়ন যুবদল নেতা মো. মুসা দায়িত্ব পান। কাজের শুরু থেকেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ করেন স্থানীয়রা। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী দীপ্ত দাসকে অবহিত করা হলে তিনি বলেন, ঠিকাদারকে কাজের গুণগত মান বজায় রাখার জন্য একাধিকবার নির্দেশ দেওয়া হলেও তিনি তা মানতে নারাজ। তবে দরপত্রের শর্ত অনুযায়ী কাজ হচ্ছে কি না, তা সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগ যাচাই করছে বলে জানান তিনি।
স্থানীয় বাসিন্দা মো. ইলিয়াস, মো. সবুজ ও অজয় দাসসহ কয়েকজন অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাবের কারণে অনিয়মের বিষয়ে কথা বলেও প্রতিকার পাওয়া যাচ্ছে না। তাদের দাবি, উপসহকারী প্রকৌশলী মো. মাসুদের উপস্থিতিতেই ঠিকাদার নিম্নমানের কাজ করছেন। তবে উপসহকারী প্রকৌশলী মো. মাসুদ দাবি করেছেন, দরপত্রের শর্ত অনুযায়ীই কাজ হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, শুধু ওই প্রকল্প নয়, সদর উপজেলার বিভিন্ন সড়ক, ড্রেন, কালভার্টসহ উন্নয়নকাজেও নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ রয়েছে। এতে সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি টেকসই উন্নয়ন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা।
স্থানীয়রা প্রতিটি উন্নয়ন প্রকল্পে দরপত্র আহ্বান, ঠিকাদার নির্বাচন, কাজের পরিমাপ, বিল পরিশোধ ও কাজের মান যাচাইয়ে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে অভিযোগগুলো সরেজমিন তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।