চট্টগ্রামের মিরসরাইয়ে থানা পর্যায়ের হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১৮৬ জন প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ১১ বছর বয়সী শিশু হাফেজ মোহাম্মদ উসামা। তার এ সাফল্যে তাকে সংবর্ধনা দিয়েছে মাদানিয়া ইমাম হাফস (রা.) মাদ্রাসা।
শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজের পর মিরসরাই মডেল মসজিদ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার প্রধান হাফেজ মাওলানা মো. ইরফানুল হকের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন উসামার বাবা ওমর ফারুক, সাংবাদিক আশরাফ উদ্দিন, সাংবাদিক ইউসুফসহ বিভিন্ন শিক্ষার্থীর অভিভাবকরা।
মাদ্রাসার প্রধান হাফেজ মাওলানা মো. ইরফানুল হক জানান, হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত এ প্রতিযোগিতায় মিরসরাইয়ের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১৮৬ জন হাফেজ অংশ নেয়। মাদানিয়া ইমাম হাফস (রা.) মাদ্রাসা থেকে অংশ নেওয়া আট শিক্ষার্থীই বিভিন্ন ধাপে কৃতিত্ব দেখায়। তাদের মধ্যে উসামা ৩০ পারা হিফজ বিভাগে প্রথম স্থান অর্জন করে।
উসামার বাবা ওমর ফারুক বলেন, তিনি বাংলা শিক্ষিত হলেও আরবি জানেন না। ছেলেকে আরবি শেখানোর উদ্দেশ্যে মাদ্রাসায় ভর্তি করেছিলেন। তার ছেলে কোরআনের শিক্ষা যেন জীবনে ধারণ করতে পারে, সে জন্য সবার কাছে দোয়া চান তিনি।