শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণালংকারসহ মো. শরীফ নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) সকালে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের বিপরীতে আনুমানিক ২ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা রাজস্ব নির্ধারণ করা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, রোববার সকাল ১১টা ৫০ মিনিটে জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটে চট্টগ্রামে আসেন ওই যাত্রী। বিমানবন্দরের আগমন হলে ১ নম্বর ব্যাগেজ বেল্ট এলাকায় তার সন্দেহজনক গতিবিধি নজরে এলে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা ও কাস্টমসের সদস্যরা তাকে তল্লাশি করেন।

পরে বিমানবন্দর ডিজিএফআই, এনএসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থা এবং বিমানবন্দর কাস্টমসের তত্ত্বাবধানে ওই যাত্রীর হ্যান্ডব্যাগ ও পরিহিত পোশাক থেকে চুড়ি আকৃতির ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

আটক যাত্রী মো. শরীফের বাড়ি নোয়াখালীর সেনবাগে। তিনি ‘মানিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ কাফেলা’র সদস্য বলে জানা গেছে।

এবিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, “আজ সকালে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক রাজস্ব মূল্য ২ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা। উদ্ধার করা স্বর্ণ কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বর্ণ চোরাচালান প্রতিরোধে বিমানবন্দরে নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।”