সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরের একটি গ্যারেজে থাকা অ্যাম্বুলেন্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩ আগস্ট) রাত ৯টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

খবর পাওয়ার পরপরই সাতক্ষীরা সদর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস সদস্যদের দ্রুত ও তাৎক্ষণিক পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. সাইফুজ্জামান (বিএফএম) জানান, হাসপাতাল ভবনের পশ্চিম পাশের গ্যারেজে রাখা অ্যাম্বুলেন্সটিতে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। অ্যাম্বুলেন্সটির ঠিক পাশেই বেশ কিছু বিভিন্ন আকারের সংগৃহীত অক্সিজেন সিলিন্ডার ছিল। এসব সিলিন্ডারের উপস্থিতির কারণে আগুনের তীব্রতা ও ধোঁয়া মারাত্মক রূপ ধারণ করে।

পরিস্থিতির ভয়াবহতা ও ঝুঁকি বিবেচনা করে সাধারণ পানির বদলে বিশেষ ‘ফোম’ ব্যবহার করে আগুন নেভানোর সিদ্ধান্ত নেয় ফায়ার সার্ভিস। তাদের দক্ষ ব্যবস্থাপনায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ৯টা ৩৫ মিনিটে ১০ মিনিটের মধ্যেই সম্পূর্ণ আগুন নেভানো সম্ভব হয়। ফলে পাশের অক্সিজেন সিলিন্ডারগুলোতে বিস্ফোরণ ঘটা বা বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় পুরো হাসপাতাল চত্বর।