‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সিলেট সার্কেলের উদ্যোগে নগরীর রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক স্কুল ও কলেজে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে শিক্ষাপ্রতিষ্ঠানটির ১১৩ জন শিক্ষার্থী অংশ নেয়। সড়ক দুর্ঘটনা কমানো, ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নিরাপদ সড়ক ব্যবহারে অভ্যস্ত করে তুলতে এ আয়োজন করা হয়।
সেমিনারে বিআরটিএ সিলেট বিভাগের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) প্রকৌশলী মো. ডালিম উদ্দীন, রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক স্কুল ও কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. মানিক খান, সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পুলিশ পরিদর্শক জাহেদুল ইসলাম এবং বিআরটিএ সিলেট সার্কেলের মোটরযান পরিদর্শক সফীকুল ইসলাম রাসেল উপস্থিত ছিলেন।
সেমিনারে শিক্ষার্থীদের ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদে সড়ক পারাপার, ট্রাফিক সাইন ও সংকেত চেনা, মোটরসাইকেলে হেলমেট এবং গাড়িতে সিটবেল্ট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি চলন্ত গাড়ির জানালা দিয়ে হাত বা মাথা না বের করা এবং সড়কে চলাচলের সময় সতর্ক থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব নয়; এ জন্য সমাজের প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল হতে হবে। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তার বিষয়ে সচেতনতা তৈরি করা গেলে ভবিষ্যতে দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব। সেমিনার থেকে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।




