যশোরে সার ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর পাঁচ সংসদ সদস্য। তাদের অভিযোগ, প্রকৃত ব্যবসায়ী ও কৃষির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বঞ্চিত করে অবৈধ লেনদেনের মাধ্যমে দলীয় বিবেচনায় পছন্দের ব্যক্তিদের ডিলারশিপ দেওয়া হয়েছে। এ ঘটনায় নিয়োগপ্রক্রিয়া বাতিল করে নিয়ম মেনে যোগ্য ব্যবসায়ীদের নিয়োগের দাবি জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। পাঁচ সংসদ সদস্যের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতের আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রছুল।
লিখিত বক্তব্যে তিনি বলেন, যশোরের ৯৩টি ইউনিয়ন ও আটটি পৌরসভায় সার ডিলার নিয়োগে ব্যাপক দলীয়করণ ও দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বলে তারা মনে করেন। সরকারদলীয় উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা কেন্দ্র ও জেলা বিএনপির নেতাদের সহায়তায় অবৈধ লেনদেনের মাধ্যমে ডিলারশিপ পেয়েছেন। এতে প্রকৃত ব্যবসায়ী ও কৃষির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বঞ্চিত হয়েছেন।
গোলাম রছুল আরও অভিযোগ করেন, যশোরের পাঁচটি সংসদীয় আসনে বিরোধী দলের সংসদ সদস্য থাকলেও তাদের পরামর্শ ও সুপারিশকে গুরুত্ব দেওয়া হয়নি। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জেলা বিএনপির দেওয়া তালিকা অনুসারে চূড়ান্ত তালিকা তৈরি করে কৃষি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন বলে দাবি করেন তিনি। নিয়োগের ক্ষেত্রে সততা, দক্ষতা ও পেশাদারিত্ব বিবেচনায় নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, মাদকসহ আটক এক কারবারির স্ত্রী, একাধিক ফৌজদারি মামলার আসামি এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকজন কর্মী-সমর্থকও ডিলারশিপ পেয়েছেন বলে তাদের অভিযোগ। জেলা ও উপজেলা পর্যায়ের সার-বীজ মনিটরিং কমিটিতে প্রশাসনিক কর্মকর্তাদের পাশাপাশি সামাজিক, কৃষক ও ব্যবসায়িক বিবেচনায় তিনজনকে অন্তর্ভুক্ত করার নির্দেশনা থাকলেও জামায়াতের সংসদ সদস্যদের কোনো পরামর্শ নেওয়া হয়নি। বরং উপজেলা ও জেলা বিএনপির লোকজনকে কমিটিতে রাখা হয়েছে বলে দাবি করেন তারা।
এভাবে দলীয়করণ ও দুর্নীতির মাধ্যমে সরকারি নিয়মনীতি উপেক্ষা করে ডিলার নিয়োগের নিন্দা জানান সংসদ সদস্যরা। একই সঙ্গে অভিযুক্তদের ডিলারশিপ বাতিল করে নিয়ম মেনে সৎ ও যোগ্য ব্যবসায়ীদের নিয়োগ দেওয়ার আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যশোর-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান, যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, যশোর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস ও মনিরুল ইসলাম, প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস এবং মনিরামপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হকসহ অন্যরা।