ভর্তি থেকে পরীক্ষার ফল, বেতন আদায় থেকে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ—শিক্ষাপ্রতিষ্ঠানের নানা কার্যক্রম এবার পরিচালিত হবে ডিজিটাল পদ্ধতিতে। এ লক্ষ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সৃজনী স্কুল অ্যান্ড কলেজে চালু হয়েছে অটোমেশন সফটওয়্যার।
আজ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এ প্রযুক্তি ব্যবস্থার উদ্বোধন করেন।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন। সঞ্চালনা করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান, কৃষি অনুষদের ডিন অধ্যাপক এম. জহুরুল হক, বিএএম অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান এবং পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান। আরও বক্তব্য দেন সৃজনী স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল কুদ্দুস।
উপাচার্য বলেন, আধুনিক শিক্ষাব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বাড়ানো সময়ের দাবি। অটোমেশন চালুর ফলে প্রতিষ্ঠানের প্রশাসনিক ও পাঠদানসংক্রান্ত কাজে গতি আসবে, কমবে তথ্য ব্যবস্থাপনার জটিলতা। শিক্ষার্থীদের উপস্থিতি, ভর্তি, পরীক্ষার ফলাফল এবং আর্থিক লেনদেনের মতো বিষয়গুলো সহজেই পরিচালনা করা যাবে।
তিনি আরও জানান, নতুন ব্যবস্থার মাধ্যমে অভিভাবকেরা বাড়িতে বসেই সন্তানদের উপস্থিতি ও শিক্ষাগত অগ্রগতির তথ্য জানতে পারবেন। ফলে শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের মধ্যে যোগাযোগ আরও কার্যকর হবে।
সৃজনী বিদ্যানিকেতনের পরিচিতি ও সুনাম উল্লেখ করে উপাচার্য প্রতিষ্ঠানটিকে বরিশাল বিভাগের গ্রেড-১ পর্যায়ে উন্নীত করার প্রত্যাশা জানান। এ লক্ষ্য বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পরিচালনা কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সফটওয়্যার বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে উপাচার্য বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সুফল নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবক উভয়ের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।াপাশি শিক্ষকদের নতুন প্রযুক্তির সঙ্গে দ্রুত অভ্যস্ত হওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।