সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়নের চর এলাকায় প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে চর উৎসব অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ ঐতিহ্য, চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা, লোকসংস্কৃতি ও প্রকৃতির সৌন্দর্য তুলে ধরতে উৎপাদনমুখী সমধারা সমবায় সমিতির উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।
শুক্রবার দিনব্যাপী আয়োজনে চরাঞ্চলের ঐতিহ্যবাহী খাবার, বাউলসংগীত ও ঘুড়ি উৎসব দর্শনার্থীদের মধ্যে আনন্দ ছড়িয়ে দেয়। দুপুরে কলাপাতায় পরিবেশন করা হয় পিঠুলি খাবার। বিকেলে বাউলসংগীতের সুর আর রঙিন ঘুড়ির ওড়াউড়িতে উৎসবস্থল হয়ে ওঠে প্রাণবন্ত।
আয়োজকেরা জানান, চরাঞ্চলের নিজস্ব সংস্কৃতি, মানুষের জীবনসংগ্রাম, কৃষি ও উৎপাদনমুখী কর্মকাণ্ডের বৈচিত্র্য সবার সামনে তুলে ধরাই এ উৎসবের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে চরাঞ্চলের জীবনধারা ও গ্রামীণ ঐতিহ্য পরিচিত করাও এ আয়োজনের লক্ষ্য।
সমধারা সমবায় সমিতির সাধারণ সম্পাদক প্রতীক মাহমুদ বলেন, সিরাজগঞ্জে এবারই প্রথমবারের মতো চর উৎসবের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে চরাঞ্চলের মানুষের জীবনযাপন, ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
তিনি আরও বলেন, চরাঞ্চলের সম্ভাবনা ও সৌন্দর্য তুলে ধরার পাশাপাশি স্থানীয় ঐতিহ্য সংরক্ষণ এবং মানুষের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন জোরদার করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে চর উৎসব হয়ে ওঠে প্রকৃতি, লোকসংস্কৃতি ও গ্রামীণ জীবনের এক মিলনমেলা।




