খুলনা মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে (হিল ক্যান্টিনের মালিক) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনে তাঁর নিজস্ব প্রতিষ্ঠান হিল ক্যান্টিনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন কবির সৈয়দ আনোয়ার আলীর ছেলে। তিনি রায়েরমহল বড় মসজিদের পেছনে নিজ বাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় হুমায়ুন কবির তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় তিনজন দুর্বৃত্ত সেখানে গিয়ে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা কি উদ্দেশ্যে তাকে খুন করেছে এখনো জানা যায়নি। পুলিশ ঘটনা উদঘাটনের চেষ্টা করছে। অপরাধীরদের গ্রেপ্তারের তৎপরতা চলছে।
খুলনা মহানগর তাঁতি দলের আহ্বায়ক মো. আবু সাঈদ বলেন, নিহত হুমায়ুন কবির মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তাঁর হত্যার খবর শুনে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানতে পারেননি।
এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে নগরীতে এক সপ্তাহের ব্যবধানে আবারো এক দিনে দুইটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে নগরীতে শহিদুল নামে যুবককে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে।




