মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার পথে ৪০ হাজার কেজি সিমেন্টসহ চারজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় সিমেন্ট পরিবহনে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকালে চট্টগ্রামের পতেঙ্গা থানার কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব সিমেন্ট উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে পতেঙ্গা আউটপোস্টের সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৪০ হাজার কেজি সিমেন্ট পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিমেন্টগুলো মিয়ানমারে পাচারের জন্য নেওয়া হচ্ছিল।
জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা। অভিযানে চারজনকে আটক করার পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটটিও নিজেদের হেফাজতে নেয় কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা সিমেন্ট, কার্গো বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।