পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ও গার্ড অব অনার না দেওয়ার অভিযোগের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা।
সোমবার (২ নভেম্বর) সকাল ১০টায় চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেওয়া মুক্তিযোদ্ধারা ঘটনার নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতে কোনো বীর মুক্তিযোদ্ধার সম্মান ক্ষুণ্ন হয়, এমন ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য দেন চুয়াডাঙ্গা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবেছ উদ্দিন। তিনি বলেন, পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নিয়ে জামায়াতে ইসলামীর কয়েকজন নেতাকর্মীর বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। গেজেটভুক্ত একজন মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও কেন তাকে গার্ড অব অনার দেওয়া হয়নি, সেই প্রশ্ন তোলেন তিনি।
আবেছ উদ্দিন আরও বলেন, মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান ও মর্যাদা রক্ষার দাবিতেই তাদের এই প্রতিবাদ। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানান তিনি। কেন্দ্রীয়ভাবে কর্মসূচি ঘোষণা করা হলে চুয়াডাঙ্গার মুক্তিযোদ্ধাদের শহীদ হাসান চত্বরে সমবেত হওয়ারও অনুরোধ জানান তিনি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব আবদুল হান্নান, যুগ্ম আহ্বায়ক আবুল হাসনাত, সদস্য চান আলীসহ ৩০ থেকে ৪০ জন বীর মুক্তিযোদ্ধা।




