চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় নেজাম উদ্দিন নামে এক কৃষকের দুই হাত কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে দক্ষিণ রাঙ্গুনিয়া ও বোয়ালখালী উপজেলার সীমানাসংলগ্ন একটি সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত নেজাম উদ্দিনের বয়স ৫০ বছর। তিনি মীরের খীল এলাকার বাসিন্দা ছিলেন। গাছ কাটার কাজের পাশাপাশি বর্গা নেওয়া জমিতে চাষাবাদ করতেন তিনি।
পুলিশের তথ্য অনুযায়ী, বন্য হাতির হাত থেকে ফসল রক্ষায় মঙ্গলবার রাতে জমি পাহারা দিতে গিয়েছিলেন নেজাম। কিন্তু রাতে বাড়িতে না ফেরায় বুধবার সকালে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। পরে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, নিহতের দুই হাত কনুই পর্যন্ত কাটা ছিল। শরীরের অন্য অংশে দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার ব্যবহৃত মুঠোফোনটিও নিখোঁজ রয়েছে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।