ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের সেবা করা জনপ্রতিনিধিদের মূল দায়িত্ব বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিভেদ ও দ্বন্দ্বে জড়ালে জনগণ, দল ও এলাকার ক্ষতি হবে।
বুধবার (২১ অক্টোবর) মানিকগঞ্জের সিংগাইর, হরিরামপুর, শিবালয় ও দৌলতপুর উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমীর শুভেচ্ছা জানান মন্ত্রী।
আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিভিন্ন জেলা পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নিচ্ছেন। পাশাপাশি জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় তাদের সমস্যা চিহ্নিত করে সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছেন।
মন্ত্রী বলেন, মানিকগঞ্জের মানুষের ভালোবাসা ও নেতাকর্মীদের সহযোগিতায় তিনি বর্তমান অবস্থানে পৌঁছেছেন। জনগণের আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষা করে দায়িত্ব পালনে তিনি অঙ্গীকারবদ্ধ। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
মানিকগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসা করে তিনি বলেন, এ জেলার মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ ও সম্প্রীতির সম্পর্ক অত্যন্ত চমৎকার। বিভিন্ন পূজামণ্ডপে মুসলিম সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সহযোগিতা এর উজ্জ্বল দৃষ্টান্ত। ভবিষ্যতেও এ সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে হবে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে খাদ্যমন্ত্রী যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান। তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ঐক্য বজায় রাখা জরুরি। পরিদর্শনকালে বিভিন্ন পূজামণ্ডপের পক্ষ থেকে স্থানীয় সমস্যা ও উন্নয়নসংক্রান্ত দাবি তুলে ধরা হলে মন্ত্রী পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়নের আশ্বাস দেন। এ সময় সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।