সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৫০ বছর। পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে নলকা সেতুর পূর্ব পাশে মহাসড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, নলকা সেতুর প্রায় ১০০ গজ পূর্বে মহাসড়কের ওপর ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ।
নিহতের পরনে ছিল কালো টি-শার্ট ও লুঙ্গি। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাকে প্রায়ই নলকা সেতু এলাকায় দেখা যেত।
ওসি জানান, এখনো নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় নিশ্চিত করা এবং মৃত্যুর কারণ উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে। মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।