সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানায় প্রায় ১ কোটি টাকা মূল্যের ৯০০ গ্রাম হেরোইন রাখার অভিযোগে রফিকুল ইসলাম নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবু খান শাহীন কনক আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাদারপুরের ডিমভাঙ্গা গ্রামের মৃত শওকত আলীর ছেলে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আনিছুর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ৮(গ) অনুযায়ী অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৩ আগস্ট দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামারচর এলাকার নেছারিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে মাদকবিরোধী অভিযান চালায় র্যাব-১২। এ সময় নাটোর থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী একটি বাসে অভিযান চালিয়ে ৯০০ গ্রাম হেরোইনসহ রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় র্যাব-১২-এর তৎকালীন ডিএডি মো. আমজাদ আলী বাদী হয়ে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বুধবার এ রায় দেন।