পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসংলগ্ন মহাসড়কে খড়বোঝাই একটি ভুটভুটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (২১ অক্টোবর) বিকেলে ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের রেলওয়ে গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে প্রকল্পের কোনো ক্ষয়ক্ষতি না হলেও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা এলাকা (কেপিআই) সংলগ্ন সড়কে এ ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও প্রকল্পে কর্মরত কয়েকজন শ্রমিক জানান, খড়বোঝাই ভুটভুটিটি রূপপুর মোড়ের দিক থেকে ভেড়ামারার দিকে যাচ্ছিল। পথে হঠাৎ গাড়ির খড়ে আগুন জ্বলে ওঠে। চালকের অসাবধানতাবশত সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আগুনের শিখা দেখতে পেয়ে প্রকল্পের শ্রমিক, সড়কে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ ও প্রকল্পের নিরাপত্তায় নিয়োজিত সেনাসদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
পরে চালক গাড়িটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রকল্পের কার্যক্রমে কোনো প্রভাব পড়েছে বলে জানা যায়নি। তবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের গুরুত্বপূর্ণ নিরাপত্তা এলাকার পাশে এমন ঘটনা সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।