দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে সিরাজগঞ্জকে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। এ লক্ষ্যে জেলায় প্রাথমিক পর্যায়ে ১৮ থেকে ২০ হাজার রোগীর বিনামূল্যে ছানি অস্ত্রোপচারের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করা গেলে সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিদর্শন ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে ১০ লাখ ছানি অস্ত্রোপচারের পরিকল্পনার অংশ হিসেবে সিরাজগঞ্জে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থের অভাবে যেন কোনো মানুষ চোখের চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেটি নিশ্চিত করাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
তিনি বলেন, মানুষের দৃষ্টিশক্তি অমূল্য সম্পদ। রাজনৈতিক সহিংসতা ও আন্দোলন-সংঘাতের ঘটনায় অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন। সরকার চায়, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও যেন বিনামূল্যে প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা পান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সেবা করা। এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন, যেখানে দরিদ্র ও অসহায় মানুষও বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা পাবেন। সিরাজগঞ্জকে ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার উদ্যোগ সেই লক্ষ্য বাস্তবায়নেরই অংশ।
দিনব্যাপী এ ক্যাম্পে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকদের মাধ্যমে রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, ছানিসহ বিভিন্ন চক্ষুরোগের চিকিৎসা পরামর্শ এবং চশমার পাওয়ার নির্ণয় করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর ছানিতে আক্রান্ত রোগীদের তালিকাভুক্ত করে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) এবং সিরাজগঞ্জ এম এ মতিন মেমোরিয়াল চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।